
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চলন্ত একটি স্ক্র্যাপবোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট-কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবোঝাই লরিটি চট্টগ্রামের একটি স্ক্র্যাপ ডিপো থেকে মালামাল নিয়ে ঢাকামুখী হয়ে কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ লরিটির ইঞ্জিন কেবিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো কেবিনে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এরপর ঢাকা অভিমুখী একটি লেন দিয়ে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবোঝাই লরিটিতে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, মহাসড়কে একটি গাড়িতে আগুন লাগার কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধাপে ধাপে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।